বগুড়ার সাবেক সংসদ সদস্য রাগিবুল হাসান রিপু
বগুড়া- ৬ আসনের সাবেক সংসদ সদস্য রাগিবুল হাসান রিপুকে গ্রেপ্তার করেছে র্যাব। আজ বৃহস্পতিবার (১৯ ডিসেম্বর) সকালে গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেন র্যাবের লিগ্যাল অ্যান্ড মিডিয়া উইংয়ের পরিচালক লেফটেন্যান্ট কর্নেল মুনীম ফেরদৌস।
মুনীম ফেরদৌস জানান, রিপুর বিরুদ্ধে বগুড়া জেলার বিভিন্ন থানায় হত্যাসহ মোট ১৩টি মামলা রয়েছে। তার বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন।
এর আগে, বগুড়া জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সদর আসনের সাবেক সংসদ সদস্য রাগিবুল হাসান রিপু-কে নেত্রকোনা জেলার মোহনগঞ্জ পৌর এলাকা থেকে গত বুধবার (১৮ ডিসেম্বর) মধ্যরাতে র্যাব- ১৪ এর একটি দল গ্রেফতার করেছে। তার বিরুদ্ধে বগুড়া জেলার বিভিন্ন থানায় হত্যা মামলাসহ ১৩টি মামলা রয়েছে।
২০২৩ সালের ফেব্রুয়ারিতে বগুড়া-৬ (সদর) আসনের উপ-নির্বাচনে জয়ী হন বগুড়া জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক রাগেবুল আহসান রিপু। চলতি বছরের শুরুতে ৭ জানুয়ারি দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনেও নৌকা প্রতীকে জয় পেয়ে সংসদ সদস্য হন তিনি।
গত ৫ আগস্ট শেখ হাসিনা সরকারের পতনের পরপরই অগ্নিসংযোগ করা হয় রিপুর বাড়ি ও গাড়িতে। সেদিনের পর থেকেই তার বাড়িতে ঝুলছে তালা, পরিবারসহ আত্মগোপনে ছিলেন তিনি।

সংবাদ360 প্রতিবেদকঃ 



















