সংগৃহীত ছবি
বাংলাদেশে নিযুক্ত ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) হেড অব ডেলিগেশন মাইকেল মিলারের নেতৃত্বে ১৯ সদস্যের একটি প্রতিনিধি দল বাংলাদেশের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে বৈঠক করেন।
সোমবার (৯ ডিসেম্বর) রাজধানীর তেজগাঁওয়ে প্রধান উপদেষ্টার কার্যালয়ে এ বৈঠক প্রায় আড়াই ঘণ্টা ধরে চলে।
বৈঠকে বাণিজ্য সুবিধা, শ্রম অধিকার, জলবায়ু পরিবর্তন, মানবাধিকার, ইন্টারন্যাশনাল ক্রাইম ট্রাইবুনাল অ্যাক্ট, রোহিঙ্গা প্রত্যাবাসন এবং টেকসই উন্নয়নের জন্য উভয় পক্ষের অঙ্গীকারসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনা হয়।
ইইউ প্রতিনিধিদলের ১৫ সদস্য তাদের মতামত তুলে ধরেন। এ সময় বাংলাদেশের পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেনও বৈঠকে উপস্থিত ছিলেন।
বৈঠকে প্রধান উপদেষ্টা বলেন, “ডিসেম্বর আমাদের বিজয়ের মাস। এ মাসে আপনাদের সঙ্গে এমন একটি অর্থবহ আলোচনায় অংশ নিতে পেরে আমি আনন্দিত।”
প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস ২ পক্ষের সহযোগিতার ক্ষেত্রগুলো আরও বিস্তৃত করতে ইইউ’র প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং ভবিষ্যতে একসঙ্গে কাজ করার আশাবাদ ব্যক্ত করেন।

সংবাদ360 ডেস্কঃ 



















