বিএনপির চেয়ারপার্সন ও সাবেক তিনবারের প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মৃত্যুতে সরকার ৩১ ডিসেম্বর বুধবার থেকে তিন দিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা করেছে।
আপোষহীন এই দেশনেত্রীর মৃত্যুতে ঝালকাঠির নলছিটির সর্বস্তরের মানুষ গভীরভাবে শোকাহত। এরই ধারাবাহিকতায় নলছিটি শহরের স্থানীয় ব্যবসায়ীরা মঙ্গলবার (৩০ ডিসেম্বর) দুপুর ২টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত শহরের সব দোকানপাট ও ব্যবসা প্রতিষ্ঠান (শুধু শহরের তিনটি ওষুধের দোকান ছাড়া) বন্ধ রেখে শোক পালন করেন।
ব্যবসায়ীদের পক্ষ থেকে মঙ্গলবার দুপুর ১টার দিকে শহরের বিভিন্ন স্থানে মাইকিং করে এ শোক পালন সম্পর্কে ব্যবসায়ী ও সাধারণ জনগণকে অবহিত করা হয়। ঘোষণা অনুযায়ী দুপুর ২টা থেকে ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ রাখা হয়।
স্থানীয় ব্যবসায়ীরা জানান, বিএনপির চেয়ারপার্সন খালেদা জিয়া ছিলেন একজন আপোষহীন দেশনেত্রী ও সত্যিকারের দেশপ্রেমিক। তাঁর মৃত্যুতে গভীর শোক প্রকাশের অংশ হিসেবে তারা ব্যবসা প্রতিষ্ঠান চার ঘণ্টা বন্ধ রাখার সিদ্ধান্ত নেন।
এ বিষয়ে শহরের ব্যবসায়ী ও ‘ভলান্টিয়ার্স অব নলছিটি’র আহ্বায়ক মো. শহাদাত আলম ফকির বলেন, “তিনবারের সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া শুধু বিএনপির নেত্রী নন, তিনি ছিলেন দেশের সকল জনগণের নেত্রী। আপোষহীন এই দেশনেত্রী আধিপত্যবাদের বিরুদ্ধে সারা জীবন লড়াই করেছেন। তাঁর মৃত্যুতে দেশবাসীর পাশাপাশি আমরাও গভীরভাবে শোকাহত। এজন্য শহরের ব্যবসায়ীদের সর্বসম্মত সিদ্ধান্তে মঙ্গলবার ৩০ ডিসেম্বর দুপুর ২টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত (শুধু শহরের তিনটি ওষুধের দোকান ছাড়া) সব ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। মানুষের জরুরি প্রয়োজন বিবেচনায় শহরের শুধু তিনটি ওষুধের দোকান খোলা রাখা হয়েছে।”

আমির হোসেনঃ 



















