রাষ্ট্রপতি সাহাবুদ্দিন ও ডোনাল্ড ট্রাম্প|ফাইল ছবি
ডোনাল্ড ট্রাম্প আমেরিকার ৪৭তম প্রেসিডেন্ট নির্বাচিত হওয়ায় উষ্ণ অভিনন্দন জানিয়েছেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন। আজ বুধবার (৬ নভেম্বর) রাতে রাষ্ট্রপতির প্রেস উইং থেকে গণমাধ্যমে পাঠানো এক বার্তায় এ তথ্য জানা গেছে।
শুভেচ্ছাবার্তায় তিনি বলেন, ‘মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে বিজয়ের জন্য আপনাকে বাংলাদেশ সরকার এবং জনগণের পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন। আপনাকে দ্বিতীয় মেয়াদের জন্য মার্কিন প্রেসিডেন্ট হিসেবে নির্বাচিত করায় প্রতিফলিত হয় যে মার্কিন যুক্তরাষ্ট্রের জনগণের সঙ্গে আপনার নেতৃত্ব এবং দৃষ্টি প্রতিধ্বনিত হয়েছে। আমি নিশ্চিত, আপনার তত্ত্বাবধানে মার্কিন যুক্তরাষ্ট্র উন্নতি করবে এবং বিশ্বজুড়ে অন্যদের অনুপ্রাণিত করবে।’
প্রসঙ্গত, মার্কিন যুক্তরাষ্ট্রের ২৪৮ বছরের ইতিহাসে দ্বিতীয় ব্যক্তি হিসেবে এক মেয়াদের বিরতিতে দ্বিতীয় বারের মতো বিজয়ী হয়েছেন রিপাবলিকান দলীয় প্রেসিডেন্ট প্রার্থী ডোনাল্ড ট্রাম্প।

সংবাদ360 প্রতিবেদক 



















