দুর্নীতি দমন কমিশন | সংগৃহীত ছবি
দুর্নীতি দমন কমিশনের (দুদক) চেয়ারম্যান মোহাম্মদ মঈনউদ্দীন আবদুল্লাহ এবং সংস্থাটির ২ কমিশনার জহুরুল হক ও আছিয়া খাতুন পদত্যাগ করেছেন।
দুদকের একটি সূত্র বিষয়টি নিশ্চিত করেছে। সূত্র জানায়, তারা পদত্যাগপত্র রেখে আজ মঙ্গলবার (২৯ অক্টোবর) দুপুর আড়াইটায় দুদকের প্রধান কার্যালয় ত্যাগ করেন।
জানা গেছে, ব্যক্তিগত কারণ দেখিয়ে পদত্যাগ করেছেন চেয়ারম্যান মঈনউদ্দীন আব্দুল্লাহ ও ২ কমিশনার।
পদত্যাগ করার আগে আজ সকালে অফিস করেন তারা। বিকেলে তাদের দুদক সংস্কার কমিশনের সঙ্গে বৈঠক করার কথা ছিল। তবে দুপুর ১টার দিকে সংস্কার কমিশন কর্তৃক বৈঠক স্থগিত করার খবর আসে। এর পরই পদত্যাগ করার বিষয়ে তারা চূড়ান্ত সিদ্ধান্ত নেন বলে দুদকের একাধিক ঊর্ধ্বতন কর্মকর্তা জানিয়েছেন।
ওই কর্মকর্তারা বলেন, চেয়ারম্যান ও ২ কমিশনার তাদের পদত্যাগপত্র পাঠিয়ে দিয়ে অনেকটা নীরবে দুদক কার্যালয় ত্যাগ করেন।
বিকেল সাড়ে তিনটায় দুর্নীতি দমন কমিশনের সঙ্গে মতবিনিময় সভায় অংশ নিতে আসার কথা ছিল দুদক সংস্কার কমিশনের।
প্রসঙ্গত, ২০২১ সালের ৩ মার্চ মোহাম্মদ মঈনউদ্দীন আবদুল্লাহকে দুদকের চেয়ারম্যান নিয়োগ করা হয়। তিনি ইকবাল মাহমুদের স্থলাভিষিক্ত হন। ওই সময় তার সঙ্গে জহুরুল হককে কমিশনার (তদন্ত) হিসেবে নিয়োগ দেওয়া হয়। এর দেড় বছর পর আছিয়া খাতুনকে কমিশনার (অনুসন্ধান) নিয়োগ দেওয়া হয়।

সংবাদ360 প্রতিবেদক 



















