দেশের একমাত্র প্রবাল দ্বীপ সেন্টমার্টিনে পর্যটক সীমিত করার সিদ্ধান্ত নিয়েছে অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা পরিষদ। দ্বীপটিতে নভেম্বরে পর্যটকরা যেতে পারলেও রাতে থাকতে পারবে না। ডিসেম্বর ও জানুয়ারিতে সর্বোচ্চ ২ হাজার জন যেতে পারবেন। ফেব্রুয়ারিতে পুরোপুরি পর্যটন বন্ধ থাকবে।
মঙ্গলবার (২২ অক্টোবর) প্রধান উপদেষ্টার উপ-প্রেস সচিব অপূর্ব জাহাঙ্গীর এসব তথ্য জানান। এর আগে অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা পরিষদের সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়।

অপূর্ব জাহাঙ্গীর জানান, ‘সেন্টমার্টিনে ৪ মাস (নভেম্বর থেকে ফেব্রুয়ারি) পর্যটক সীমিত করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। নভেম্বরে রাতে সেন্টমার্টিনে থাকতে পারবেন না পর্যটকরা। ডিসেম্বর ও জানুয়ারিতে দুই হাজার পর্যটক প্রতিদিন যেতে পারবেন, রাতেও থাকতে পারবেন।’
২ হাজার ব্যক্তি কীভাবে নির্ধারণ করা হবে জানতে চাইলে তিনি বলেন, ‘পর্যটকরা যাবে, তাদের নম্বর করা হবে। এখনও সিদ্ধান্ত হয়নি কারা এটা নিয়ন্ত্রণ করবে। যৌথ উদ্যোগেই করা হবে। পূর্ণাঙ্গ বিষয় পরবর্তীতে জানানো হবে।’
প্রধান উপদেষ্টার উপ-প্রেস সচিব বলেন, ‘সেন্টমার্টিন কোরাল দ্বীপ। দ্বীপটি রক্ষা এবং এর পরিবেশ রক্ষার জন্যই এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।’
এসময় প্রধান উপদেষ্টার উপপ্রেস সচিব মো. আবুল কালাম আজাদ মজুমদার, সহকারী প্রেস সচিব নাইম আলী ও সুচিস্মিতা তিথি উপস্থিত ছিলেন।

সংবাদ360 প্রতিবেদক 



















