সংগৃহীত ছবি
প্রধানমন্ত্রী তারেক রহমানের আসন্ন জাপান সফরে অংশ না নিতে দেশটিতে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মো. দাউদ আলীকে নির্দেশ দিয়েছে পররাষ্ট্র মন্ত্রণালয়। আগামী ২৬ থেকে ২৯ অক্টোবর প্রধানমন্ত্রীর জাপান সফরের কথা রয়েছে।
পররাষ্ট্র মন্ত্রণালয়ের একটি সূত্র গণমাধ্যমকে জানিয়েছে, সম্প্রতি রাষ্ট্রদূত দাউদ আলীকে টোকিও থেকে ঢাকায় ফেরার নির্দেশ দেওয়া হয়। নির্দেশনা পেয়ে তিনি ইতোমধ্যে দেশে ফিরেছেন। প্রায় এক সপ্তাহ ধরে ঢাকায় অবস্থান করছেন তিনি।
সূত্র জানায়, রাষ্ট্রদূতের অনুপস্থিতিতে প্রধানমন্ত্রীর সফরের প্রস্তুতি ও ব্যবস্থাপনা তদারকির দায়িত্ব পালন করবেন পররাষ্ট্র মন্ত্রণালয়ের সচিব (পূর্ব ও পশ্চিম) মো. নজরুল ইসলাম। এ দায়িত্ব পালনে বুধবার (২২ অক্টোবর) টোকিও গেছেন তিনি। প্রধানমন্ত্রীর সফর শেষ না হওয়া পর্যন্ত সেখানে অবস্থান করবেন সচিব।
সরকারের এক কর্মকর্তা বলেন, উচ্চপর্যায়ের সফরের আগে রাষ্ট্রদূতকে দেশে ফিরিয়ে আনার ঘটনা বিরল। তবে কী কারণে তাকে ফেরানো হয়েছে, তা জানাতে পারেননি তিনি। ওই কর্মকর্তা বলেন, রাষ্ট্রদূতকে দেশে ফিরতে বলা হয়েছে এবং তিনি ফিরেছেন।
দাউদ আলী ও নজরুল ইসলাম দুজনই ১৫তম বিসিএসের পররাষ্ট্র ক্যাডারের কর্মকর্তা। জাপানে রাষ্ট্রদূত হওয়ার আগে দাউদ আলী রোমানিয়ায় বাংলাদেশের রাষ্ট্রদূত হিসেবে দায়িত্ব পালন করেন। আগামী ৭ ডিসেম্বর তার অবসর-উত্তর ছুটিতে (পিআরএল) যাওয়ার কথা রয়েছে।

নিউজ ডেস্ক 



















