৪ লাখ ১০ হাজার ইয়াবা ও ২১ কেজি ৫০০ গ্রাম হেরোইন উদ্ধার
কক্সবাজারের টেকনাফের সেন্ট মার্টিন সংলগ্ন সমুদ্রসীমায় কোস্ট গার্ডের বিশেষ অভিযানে প্রায় ৪২ কোটি টাকা মূল্যের ৪ লাখ ১০ হাজার পিস ইয়াবা ও ২১ কেজি ৫০০ গ্রাম হেরোইন জব্দ করা হয়েছে। তবে এ ঘটনায় কোনো মাদক কারবারিকে আটক করা সম্ভব হয়নি।
বৃহস্পতিবার (৮ অক্টোবর) দুপুরে কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন এ তথ্য জানান।
কোস্ট গার্ড জানায়, সেন্ট মার্টিনের নিরাপত্তা, মাদক ও মানব পাচারসহ চোরাচালান প্রতিরোধে নিয়মিত টহলের পাশাপাশি বিশেষ অভিযান পরিচালনা করা হচ্ছে। এরই ধারাবাহিকতায় বৃহস্পতিবার সকাল ৬টার দিকে সেন্ট মার্টিন সংলগ্ন বাংলাদেশ-মিয়ানমার আন্তর্জাতিক সমুদ্রসীমা (আইএমবিএল) এলাকায় বাংলাদেশের সমুদ্রসীমার অভ্যন্তরে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালায় কোস্ট গার্ড স্টেশন সেন্ট মার্টিনের একটি দল।
অভিযান চলাকালে একটি সন্দেহজনক ইঞ্জিনচালিত কাঠের বোটের গতিরোধ করে থামার সংকেত দেওয়া হয়। কোস্ট গার্ডের উপস্থিতি টের পেয়ে বোটে থাকা মাদক পাচারকারীরা তিনটি বস্তা সমুদ্রে ফেলে মিয়ানমারের সমুদ্রসীমার দিকে পালিয়ে যায়।
পরে কোস্ট গার্ডের অভিযানিক দল পানিতে ফেলে দেওয়া বস্তাগুলো উদ্ধার করে তল্লাশি চালায়। এ সময় বস্তাগুলোর ভেতর থেকে প্রায় ৪২ কোটি টাকা মূল্যের ৪ লাখ ১০ হাজার পিস ইয়াবা এবং ২১ কেজি ৫০০ গ্রাম হেরোইন জব্দ করা হয়।
জব্দ করা মাদকের বিষয়ে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে বলে জানিয়েছে কোস্ট গার্ড।
কোস্ট গার্ডের পক্ষ থেকে জানানো হয়েছে, প্রবাল দ্বীপ সেন্ট মার্টিনের সার্বিক নিরাপত্তা নিশ্চিত এবং ভয়াবহ মাদকের বিস্তার রোধে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।
অভিযান সম্পর্কে ব্রিফিং প্রদান করেন কোস্ট গার্ড স্টেশন সেন্ট মার্টিনের স্টেশন কমান্ডার লেফটেন্যান্ট কমান্ডার মারুফ আহমেদ সৌখিন, (এক্স), বিএন।

ফরহাদ রহমান, টেকনাফ প্রতিনিধিঃ 


















