জাতীয় শিশু দিবস উপলক্ষে আজ বুধবার (৭ সেপ্টেম্বর) বাংলাদেশ শিশু একাডেমিতে আয়োজিত এক আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানে বক্তারা শিশুদের মেধা উৎকর্ষ ও ভবিষ্যৎ গঠনভিত্তিক শিক্ষায় শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের অসামান্য অবদানের কথা গভীর শ্রদ্ধার সাথে স্মরণ করেছেন।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে বিএনপির সাবেক তথ্য ও গবেষণা সম্পাদক রেজাবুদৌলা চৌধুরী বলেন, স্বাধীন বাংলাদেশে শিশুদের সুপ্ত মেধা, সৃজনশীলতা ও সাংস্কৃতিক বিকাশ নিশ্চিত করতে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান কালজয়ী উদ্যোগ গ্রহণ করেছিলেন। ১৯৭৬ সালে তাঁরই দূরদর্শী নির্দেশনায় প্রতিষ্ঠা লাভ করে ‘বাংলাদেশ শিশু একাডেমি’।
তিনি আরও বলেন, শিশু একাডেমি প্রতিষ্ঠার মাধ্যমে দেশের শিশুদের সাহিত্য, সঙ্গীত, নৃত্য, চিত্রাঙ্কন ও নাট্যকলাসহ বিভিন্ন সৃষ্টিশীল ক্ষেত্রে নিজেদের প্রস্তুত করার একটি প্রাতিষ্ঠানিক দুয়ার উন্মোচিত হয়। তৎকালীন সময়ে প্রতিটি জেলায় শিশুদের জন্য উন্মুক্ত সুযোগ-সুবিধা ও জাতীয় পর্যায়ের শিশু প্রতিযোগিতা চালুর মাধ্যমে তিনি নতুন প্রজন্মের মেধা বিকাশে অভূতপূর্ব জাগরণ সৃষ্টি করেছিলেন। শুধু একাডেমি প্রতিষ্ঠাই নয়, শিশুদের পড়াশোনার প্রতি উৎসাহিত করতে এবং মানসম্মত বিনোদন নিশ্চিত করতেও তাঁর সরকার নানা পদক্ষেপ গ্রহণ করেছিল।
অনুষ্ঠানে অন্যান্য বক্তারা শিশুদের সঠিক নৈতিক শিক্ষায় শিক্ষিত করে একজন সুনাগরিক হিসেবে গড়ে তোলার আহ্বান জানান এবং জিয়াউর রহমানের স্বপ্নের পথ ধরে শিশুদের একটি সমৃদ্ধ ভবিষ্যৎ উপহার দেওয়ার প্রত্যয় ব্যক্ত করেন। পরে শিশু একাডেমির শিক্ষার্থীদের অংশগ্রহণে এক মনোজ্ঞ সাংস্কৃতিক পরিবেশনা অনুষ্ঠিত হয়।

নিজস্ব প্রতিবেদকঃ 



















