সংগৃহীত ছবি
জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনে বক্তব্য প্রদান করে এক বিরল ও অভূতপূর্ব বিশ্ব রেকর্ড গড়েছেন বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমান। আন্তর্জাতিক এই সর্বোচ্চ কূটনৈতিক মঞ্চে একই পরিবারের টানা তিন সদস্য—বাবা, মা এবং ছেলে—রাষ্ট্র বা সরকার প্রধান হিসেবে ভাষণ দেওয়ার মাধ্যমে ইতিহাস সৃষ্টি করেছেন, যা জাতিসংঘের পুরো ইতিহাসেই প্রথম।
বৃহস্পতিবার (২৫ সেপ্টেম্বর) সম্পূর্ণ মাতৃভাষা বাংলায় দেওয়া নিজের এই প্রথম ভাষণে তিনি বিশ্বমঞ্চে বাংলাদেশের গণতান্ত্রিক উত্তরণ, আন্তর্জাতিক কূটনীতি ও বিশ্বশান্তির নতুন বার্তা পৌঁছে দেন।
পারিবারিক এই অনন্য ঐতিহ্যের সূচনা করেছিলেন তাঁর বাবা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান, যিনি ১৯৮০ সালের ২৬ আগস্ট জাতিসংঘের সাধারণ পরিষদে বক্তব্য রেখেছিলেন।
পরবর্তীতে ১৯৯৩ সালের ১ অক্টোবর তাঁর মা সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়াও জাতিসংঘের সাধারণ পরিষদে বাংলাদেশের প্রতিনিধিত্ব করে বক্তব্য দেন।
পরিবারের সেই গৌরবময় পথ অনুসরণ করে প্রধানমন্ত্রী তারেক রহমান বিশ্ব দরবারে কোটি কোটি মানুষের আশা-আকাঙ্ক্ষা ও মানবাধিকারের কথা তুলে ধরেছেন।
ভাষণে প্রধানমন্ত্রী দেশে আইনের শাসন, সামাজিক ন্যায়বিচার ও ভোটাধিকার পুনরুদ্ধারের প্রতি তাঁর সরকারের দৃঢ় অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন। একই সাথে বৈশ্বিক সংঘাত নিরসনে সামরিক ব্যয় কমিয়ে শিক্ষা ও শান্তির ওপর জোর দেওয়া, জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবেলা, কৃত্রিম বুদ্ধিমত্তা ও আধুনিক প্রযুক্তির সমবণ্টন এবং দীর্ঘদিনের রোহিঙ্গা সংকট নিরসনে বিশ্ব সম্প্রদায়কে আরও কার্যকর পদক্ষেপ নেওয়ার আহ্বান জানান। এই ঐতিহাসিক বক্তব্যের মধ্য দিয়ে বাংলাদেশ বিশ্ব রাজনীতি ও আন্তর্জাতিক কূটনীতিতে এক নতুন এবং সুদৃঢ় অবস্থানের কথা স্পষ্ট করেছে।

বিশেষ প্রতিনিধিঃ 


















