সংগৃহীত ছবি
রাজধানীর মতিঝিলের শাপলা চত্বরে ১১ দলীয় জোটের ঢাকা-চট্টগ্রাম অভিমুখে দীর্ঘ প্রতীক্ষিত লংমার্চের উদ্বোধনী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। শনিবার (৫ সেপ্টেম্বর) সকাল ৭টায় পবিত্র কোরআন তিলাওয়াতের মাধ্যমে সমাবেশ আনুষ্ঠানিকভাবে শুরু হয়। এতে বিরোধীদলীয় নেতা ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য প্রদান করেন।
সমাবেশে উপস্থিত ছিলেন এনসিপির আহ্বায়ক ও বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম, এলডিপি প্রেসিডেন্ট ড. কর্নেল (অব.) অলি আহমদ বীর বিক্রম, বাংলাদেশ খেলাফত মজলিসের আমির মাওলানা মামুনুল হকসহ ১১ দলীয় ঐক্যের শীর্ষ নেতারা।
গণভোটের রায় বাস্তবায়ন, জুলাই গণহত্যার বিচার, বিদ্যুৎ-জ্বালানি সংকট নিরসন এবং নিত্যপ্রয়োজনীয় দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি রোধসহ ৬ দফা দাবিতে এই কর্মসূচির আয়োজন করা হয়। সমাবেশে নেতৃবৃন্দ বলেন, জনগণের নায্য অধিকার আদায় না হওয়া পর্যন্ত রাজপথ ও সংসদ উভয় স্থানেই আন্দোলন অব্যাহত থাকবে।
সমাবেশ শেষে সকাল ৮টা ১৫ মিনিটে প্রায় এক হাজার যানবাহনের বহর নিয়ে চট্টগ্রামের উদ্দেশে লংমার্চের যাত্রা শুরু হয়। যাত্রাপথে নারায়ণগঞ্জের কাঁচপুর, কুমিল্লার পদুয়ার বাজার, ফেনীর মহীপাল এবং চট্টগ্রামের মীরসরাইয়ে একাধিক পথসভা শেষে সন্ধ্যায় চট্টগ্রামের লালদীঘি ময়দানে সমাপনী জনসভার মাধ্যমে দিনব্যাপী এ কর্মসূচি শেষ হওয়ার কথা রয়েছে।

নিজস্ব প্রতিবেদকঃ 









