কলকাতার নিউ মার্কেট এলাকার ফ্রি স্কুল স্ট্রিটের একটি হোটেলে অগ্নিকাণ্ডের ঘটনায় এক শিশুসহ ৯ জন নিহত এবং অন্তত ৬ জন আহত হয়েছেন। নিহত ও আহতদের সবাই বাংলাদেশের নাগরিক।
পুলিশ ও ফায়ার সার্ভিস সূত্রে জানা গেছে, গতকাল রাত ২টার দিকে হোটেলটিতে আগুন লাগে। প্রাথমিক অনুসন্ধানে ধারণা করা হচ্ছে, একটি এসি বিস্ফোরণের মাধ্যমে আগুনের সূত্রপাত হয়।
ফায়ার সার্ভিস ও পুলিশ কর্মকর্তারা নিশ্চিত করেছেন যে, হতাহত সব বাংলাদেশি নাগরিক চিকিৎসার উদ্দেশ্যে কলকাতায় অবস্থান করছিলেন।
নিউ মার্কেট কলকাতার অন্যতম ব্যস্ত ও ঘনবসতিপূর্ণ এলাকা। আগুন লাগার খবর পাওয়ার পরই ফায়ার সার্ভিসের ৪টি ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উদ্ধারকাজ শুরু করে। তাদের সঙ্গে যোগ দেয় পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের দুর্যোগ মোকাবিলা বিভাগের একটি দল।
ফায়ার সার্ভিসের কর্মীরা জানান, হোটেলের ৩ তলায় আগুন লেগেছিল। সরু গলি হওয়ার কারণে ফায়ার সার্ভিসের গাড়ি ভেতরে প্রবেশ করতে পারেনি। ফলে বাধ্য হয়ে বাইরে থেকেই আগুন নেভানোর কাজ চালাতে হয়। আগুন কিছুটা নিয়ন্ত্রণে এলে কর্মীরা ভেতরে প্রবেশ করে উদ্ধার অভিযান শুরু করেন।
নিউ মার্কেট থানার এক পুলিশ কর্মকর্তা ভারতীয় বার্তা সংস্থা পিটিআই-কে বলেন, “আগুন লাগার পর পুরো হোটেলটি ঘন ধোঁয়ায় আচ্ছন্ন হয়ে পড়েছিল, যা উদ্ধারকাজে ব্যাপক বাধা সৃষ্টি করে। বেশ কয়েকজন অতিথিকে বিভিন্ন কক্ষ থেকে অচেতন অবস্থায় উদ্ধার করা হয়। হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক ৯ জনকে মৃত ঘোষণা করেন।”
তিনি আরও জানান, নিহতদের শরীরে পোড়ার কোনো চিহ্ন পাওয়া যায়নি; মূলত বিষাক্ত ধোঁয়ায় দমবন্ধ হয়েই তাঁদের মৃত্যু হয়েছে।
উল্লেখ্য, এর মাত্র দু’দিন আগে ১৭ আগস্ট বীরভূম জেলার তারাপীঠের ‘বিদেশিনী’ নামের একটি হোটেলে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুন লেগে অন্তত ৮ জনের মৃত্যু হয়েছিল। সেই মর্মান্তিক ঘটনার রেশ না কাটতেই রাজধানী কলকাতায় আবারও একই ধরনের দুর্ঘটনা ঘটল।
সূত্র: এনডিটিভি

আন্তর্জাতিক ডেস্কঃ 



















