ফাইল ছবি
মুন্সিগঞ্জ ও নারায়ণগঞ্জবাসীর জন্য রাজধানীর বুকে যাতায়াতে এক নতুন দিগন্তের উন্মোচন হতে যাচ্ছে। প্রস্তাবিত এমআরটি লাইন-২ (MRT Line-2)-এর রুট এলাইনমেন্টে নারায়ণগঞ্জ শহরকে অন্তর্ভুক্ত করার চূড়ান্ত সিদ্ধান্তে উচ্ছ্বসিত দুই জেলার লাখো মানুষ। এই প্রকল্প বাস্তবায়িত হলে নারায়ণগঞ্জ হয়ে মুন্সিগঞ্জের মানুষ মাত্র ১৫ থেকে ২০ মিনিটের মধ্যে রাজধানী ঢাকায় পৌঁছাতে পারবেন।
সম্প্রতি জাতীয় সংসদের প্রশ্নোত্তর পর্বে সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী শেখ রবিউল আলম এই মেগা প্রকল্পের অগ্রগতির বিষয়ে গুরুত্বপূর্ণ তথ্য নিশ্চিত করেছেন।
মন্ত্রী জানান, গাবতলী থেকে নারায়ণগঞ্জ পর্যন্ত প্রস্তাবিত রুটটির দৈর্ঘ্য হবে প্রায় ৩০.৪০ কিলোমিটার। এই রুটের স্টেশনগুলো হলো–গাবতলী, ঢাকা উদ্যান, বছিলা মোড়, মোহাম্মদপুর বিআরটিসি বাসস্ট্যান্ড, ঝিগাতলা, সায়েন্সল্যাব, নিউমার্কেট, আজিমপুর, লালবাগ, চকবাজার, মিটফোর্ট, নয়াবাজার, ধোলাইখাল, দয়াগঞ্জ, কাজলা, ডেমরা, সাইনবোর্ড, ভূইঘর, জালকুড়ি, শিবুমার্কেট হয়ে নারায়ণগঞ্জ।
বর্তমানে এই প্রকল্পের জন্য উন্নয়ন সহযোগী সংস্থা (তহবিল) খুঁজতে পরিকল্পনা কমিশনে পিডিপিপি (PDPP) পাঠানোর কার্যক্রম চলছে। নীতিগত অনুমোদন ও অর্থায়ন নিশ্চিত হওয়ার পরই মূল সম্ভাব্যতা যাচাই (Feasibility Study) শুরু হবে।
নারায়ণগঞ্জকে ঘিরে সরকারের পরিকল্পনা এখানেই শেষ নয়। এমআরটি লাইন-৪ এর আওতায় কমলাপুর থেকে নারায়ণগঞ্জের মদনপুর পর্যন্ত প্রায় ১৬ কিলোমিটার দীর্ঘ উড়াল ও পাতাল সমন্বিত মেট্রোরেল নির্মাণের সম্ভাব্যতা যাচাই ইতিমধ্যেই শেষ করেছে দক্ষিণ কোরিয়ার কে-এক্সিম ব্যাংক।
সমীক্ষার প্রতিবেদনটি বর্তমানে ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেড (ডিএমটিসিএল)-এর কাছে পাঠানোর প্রক্রিয়াধীন রয়েছে।
মুন্সিগঞ্জ সদর, টংগিবাড়ীসহ বিভিন্ন উপজেলার অন্তত ৫ থেকে ৭ লাখ মানুষ প্রতিদিন কর্মস্থল, ব্যবসা, শিক্ষা ও চিকিৎসার জন্য নারায়ণগঞ্জ হয়ে ঢাকায় যাতায়াত করেন।
বর্তমানে নারায়ণগঞ্জের সৈয়দপুর থেকে পঞ্চবটি পর্যন্ত নির্মাণাধীন উড়াল সড়কের (Flyover) কাজ শেষ পর্যায়ে। এই সড়কটি চালু হলে মুন্সিগঞ্জ থেকে নারায়ণগঞ্জ শহরে পৌঁছানোর সময় এমনিতেই কমে যাবে। এরপর সেখান থেকে মেট্রোরেল ধরলে মাত্র ১৫-২০ মিনিটে গুলিস্তান পৌঁছানো সম্ভব হবে।
পরিবহন বিশেষজ্ঞদের মতে, এই দুটি রুট সম্পূর্ণ বাস্তবায়িত হলে:
১. ঢাকার প্রবেশমুখগুলোতে সড়কপথের তীব্র যানজট ও চাপ কমবে।
২. যাতায়াতের সময় ও জ্বালানি খরচ এক-তৃতীয়াংশে নেমে আসবে।
৩. ঢাকা, নারায়ণগঞ্জ ও মুন্সিগঞ্জের মধ্যে ব্যবসা-বাণিজ্য, শিক্ষা ও স্বাস্থ্যখাতে অর্থনৈতিক গতিশীলতা বহুগুণ বৃদ্ধি পাবে।

নিজস্ব প্রতিনিধিঃ 



















