চিরতরে চলে গেলেন কিংবদন্তি গায়িকা আশা ভোঁসলে। আজ রোববার (১২ এপ্রিল ২০২৬) দুপুরে মুম্বাইয়ের একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। তাঁর বয়স হয়েছিল ৯২ বছর।
ভারতীয় গণমাধ্যমে শিল্পীর মৃত্যুর খবর নিশ্চিত করেছেন তাঁর ছেলে আনন্দ ভোঁসলে। জানা যায়, আগামীকাল বিকেল ৪টায় মুম্বাইয়ের শিবাজি পার্কে এ কিংবদন্তির শেষকৃত্য সম্পন্ন হবে।
গত শনিবার (১১ এপ্রিল) সন্ধ্যায় হঠাৎ করেই আশা ভোঁসলের অসুস্থতার খবর ছড়িয়ে পড়ে। প্রাথমিকভাবে শোনা গিয়েছিল তিনি হৃদরোগে আক্রান্ত হয়েছেন। অন্যদিকে, শিল্পীর নাতনি জানাই ভোঁসলে জানান, ফুসফুসে সংক্রমণের কারণেই হাসপাতালে ভর্তি এ কিংবদন্তি গায়িকা।
তবে ভোঁসলে পরিবারের ঘনিষ্ঠ সূত্রে ভারতীয় সংবাদমাধ্যম হিন্দুস্তান টাইমস জানিয়েছে, গত কয়েক মাস ধরেই অসুস্থ গায়িকা। গতকাল সন্ধ্যায় তাঁকে গুরুতর অবস্থায় হাসপাতালে ভর্তি করা হয়। এরপর তিনি আইসিইউ-তে চিকিৎসাধীন ছিলেন।
১৯৩৩ সালের ৮ সেপ্টেম্বর জন্মগ্রহণ করেন আশা ভোঁসলে। বাবা পণ্ডিত দীননাথ মঙ্গেশকর, মা সেবন্তী মঙ্গেশকর। বাবার মৃত্যুর পর মাত্র ১০ বছর বয়সে বড়বোন লতা মঙ্গেশকরের সঙ্গে তাঁর গান গাওয়া শুরু। ১৯৪৮ সালে ‘চুনরিয়া’ ছবির মাধ্যমে তিনি হিন্দি প্লেব্যাক দুনিয়ায় অভিষেক করেন।
কয়েক দশকের সংগীত ক্যারিয়ারে অসংখ্য জনপ্রিয় গান শ্রোতাদের উপহার দিয়েছেন আশা ভোঁসলে। হিন্দি, বাংলাসহ একাধিক ভাষায় গান গেয়েছেন তিনি। শাস্ত্রীয়সংগীত থেকে আধুনিক, গজল থেকে ক্যাবারে—প্রতিটি ধারাতেই নিজের স্বতন্ত্র ছাপ রেখেছেন। তাঁর গাওয়া অসংখ্য গান আজও সমান জনপ্রিয়। সময়ের সীমানা পেরিয়ে প্রজন্মের পর প্রজন্মকে মুগ্ধ করে চলেছে।

আন্তর্জাতিক ডেস্কঃ 



















