বিশ্বজুড়ে আজ বৃহস্পতিবার (২৫ ডিসেম্বর) বড়দিন উদযাপিত হচ্ছে। সারা বিশ্বের খ্রিস্টানরা যিশু খ্রিস্টের জন্মবার্ষিকী উপলক্ষে বড়দিন পালন করেন। এই উপলক্ষে মানুষ ক্রিসমাস ট্রি, কাগজের তারা, হলি ফুলের মালা দিয়ে নিজেদের বাড়ি সাজানোর পাশাপাশি উপহার আদান-প্রদান করেন। সমস্ত সম্প্রদায়ের গির্জাগুলোতে বড়দিন উপলক্ষে আয়োজন করা হয় বিশেষ উপাসনা ও অনুষ্ঠানের।
খ্রিষ্টানদের বিশ্বাস অনুযায়ী, এই দিনে বেথলেহেমে জন্মগ্রহণ করেন যিশুখ্রিষ্ট। তার জন্মদিন উপলক্ষে বাংলাদেশসহ বিশ্বের নানা দেশে গির্জাগুলো সাজানো হয়েছে আলো, ফুল ও ধর্মীয় প্রতীকে।
বাংলাদেশে বড়দিন উপলক্ষে সরকারি ছুটি ঘোষণা করা হয়েছে। গির্জায় বিশেষ প্রার্থনার পাশাপাশি পরিবারকেন্দ্রিক আনন্দ, কেক ও ঐতিহ্যবাহী খাবারের আয়োজন করেছে খ্রিষ্টান পরিবারগুলো।
বড়দিন শান্তি, মানবপ্রেম ও সহনশীলতার বার্তা বহন করে; যিশুখ্রিষ্টের শিক্ষা অনুসরণে সমাজে মানবিকতা প্রতিষ্ঠার প্রত্যয় ব্যক্ত করছেন ধর্মাবলম্বীরা।

নিজস্ব প্রতিবেদকঃ 



















