মোংলা বন্দরের পশুর নদীতে ১২০০ মেট্রিক টন কয়লা বোঝাই ‘এমভি ফুলবাড়ী’ নামক কার্গো জাহাজ ডুবির ঘটনা ঘটেছে।
সোমবার (২৬ অক্টোবর) গভীর রাতে সুন্দরীকোঠা এলাকায় একটি তেলবাহী ট্যাংকারের ধাক্কায় ডুবে যায় এই কয়লাবাহী কার্গোটি।
দুর্ঘটনা কবলিত কার্গো জাহাজের স্টাফেরা জানান, মোংলা বন্দরের হিরণ পয়েন্টে অবস্থানরত বিদেশি বাণিজ্যিক জাহাজ ‘এমভি ইয়াস জুপিটার’ থেকে কয়লা বোঝাই করে মোংলার উদ্দেশ্যে আসছিল ‘এমভি ফুলবাড়ী’। পথিমধ্যে পশুর চ্যানেলের সুন্দরীকোঠা এলাকায় পৌঁছালে ‘এমটি জান্নাতুল ফেরদৌস’ নামের অপর একটি তেলবাহী ট্যাংকার ‘এমভি ফুলবাড়ী’ নামক জাহাজটিকে ধাক্কা দেয়। এতে দুর্ঘটনা কবলিত হয়ে ডুবে যায় কয়লা বোঝাই এমভি ফুলবাড়ী জাহাজটি। ডুবে যাওয়া জাহাজটি আইআরএস ইন্টারন্যাশনালের মালিকানাধীন।
এদিকে দুর্ঘটনা কবলিত কার্গো জাহাজে থাকা ৯ জন স্টাফ সাঁতরে পাশের একটি কার্গো জাহাজে উঠতে পারায় কোনো হতাহতের ঘটনা ঘটেনি। কয়লা নিয়ে কার্গো জাহাজটির ঢাকার বাদামতলায় যাওয়ার শিডিউল ছিল।
তবে কার্গো জাহাজটি পশুর চ্যানেলের বাইরে ডুবে যাওয়ায় মূল চ্যানেল সম্পূর্ণ নিরাপদ রয়েছে। মোংলা বন্দর কর্তৃপক্ষের সদস্য (হারবার ও মেরিন) কমোডোর মো. শফিকুল ইসলাম সরকার বলেন, “পশুর চ্যানেল সম্পূর্ণ নিরাপদ রয়েছে। এ চ্যানেল দিয়ে নৌযান চলাচল স্বাভাবিক রয়েছে।” মালিকপক্ষ দ্রুত জাহাজ তোলার ব্যবস্থা গ্রহণ করছে বলেও জানান তিনি।

বাগেরহাট প্রতিনিধিঃ 


















