সংগৃহীত ছবি
প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) সভায় ১৬ হাজার ২০৭ কোটি ৫৫ লাখ টাকা প্রাক্কলিত ব্যয়ে ১৩টি গুরুত্বপূর্ণ উন্নয়ন প্রকল্প অনুমোদন দেওয়া হয়েছে।
বুধবার (৭ অক্টোবর ২০২৬) সচিবালয়ে মন্ত্রিপরিষদ সভাকক্ষে এই সভা অনুষ্ঠিত হয়।
সভা শেষে শেরেবাংলা নগরের এনইসি সম্মেলন কক্ষে আয়োজিত এক সংবাদ ব্রিফিংয়ে অনুমোদিত প্রকল্পগুলোর বিবরণ তুলে ধরেন পরিকল্পনা প্রতিমন্ত্রী জোনায়েদ সাকি।
ব্রিফিংয়ে প্রতিমন্ত্রী জানান, অনুমোদিত প্রকল্পগুলোর মোট ব্যয়ের মধ্যে সরকারি তহবিল থেকে ১০ হাজার ৬০০ কোটি ৮০ লাখ টাকা, বৈদেশি ঋণ থেকে ৪ হাজার ৮১ কোটি ৮৫ লাখ টাকা এবং বাস্তবায়নকারী সংস্থার নিজস্ব অর্থায়ন থেকে ১ হাজার ৫২৪ কোটি ৯১ লাখ টাকা জোগান দেওয়া হবে। পাস হওয়া ১৩টি প্রস্তাবের মধ্যে ১০টি নতুন প্রকল্প, ২টি সংশোধিত প্রকল্প এবং ১টি প্রকল্পের মেয়াদ বাড়ানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
অনুমোদিত প্রকল্পগুলোর মধ্য থেকে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের আওতায় ঢাকা দক্ষিণ ও রংপুর সিটি করপোরেশনের পরিকাঠামো ও সড়ক উন্নয়ন, গাজীপুর সিটি করপোরেশনের বিভিন্ন জোনের রাস্তা ও নর্দমা নির্মাণ, সিরাজগঞ্জ, বগুড়া ও নওগাঁ জেলার গ্রামীণ অবকাঠামো উন্নয়ন, সমবায়ভিত্তিক নারী উদ্যোক্তা সৃষ্টি এবং গুরুত্বপূর্ণ নগর অবকাঠামোর উন্নয়ন প্রকল্প অন্তর্ভুক্ত রয়েছে।
একইসঙ্গে সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের অধীনে পঞ্চগড়ের ভজনপুরে ২য় করতোয়া সেতু নির্মাণ এবং পাহাড়ি অঞ্চলের থানচি-রিমাকরি-মদক-লিকরি সড়ক নির্মাণের প্রস্তাব পাস হয়েছে। বিদ্যুৎ ও জ্বালানি খাতে রামপালে ৪৪২ মেগাওয়াট পিক সৌরবিদ্যুৎ কেন্দ্র নির্মাণ, নৌপরিবহন মন্ত্রণালয়ের অধীনে বিআইডব্লিউটিসির জন্য ৪৩টি বাণিজ্যিক ও সহায়ক জলযান সংগ্রহসহ স্লিপওয়ে নির্মাণ এবং রেলপথ মন্ত্রণালয়ের জন্য ৩০টি মিটারগেজ ডিজেল ইলেকট্রিক লোকোমোটিভ সংগ্রহের সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে।
এছাড়া বিদেশে বাংলাদেশের ভাবমূর্তি ও কূটনৈতিক সেবা জোরদারে প্যারিসে সংগৃহীত চ্যান্সারি ভবন সংস্কারের প্রকল্প অনুমোদন পেয়েছে। ৫০ কোটি টাকার কম ব্যয়ের ‘জয়পুরহাট জেলার বিভিন্ন নদী ও খাল পুনঃখনন’ প্রকল্পটি ইতোপূর্বে পরিকল্পনা মন্ত্রী কর্তৃক অনুমোদিত হওয়ায় সভায় তা অবগতির জন্য উপস্থাপন করা হয়।
প্রতিমন্ত্রী উল্লেখ করেন, জাতীয় অর্থনৈতিক সমৃদ্ধি ও আঞ্চলিক পরিকাঠামো শক্তিশালী করতে এসব উদ্যোগ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

বিশেষ প্রতিনিধিঃ 



















