এসএম নুরুজ্জামান | সংগৃহীত ছবি
জেনিথ ইসলামী লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি পিএলসির মুখ্য নির্বাহী কর্মকর্তা (সিইও) হিসেবে এসএম নুরুজ্জামানের নিয়োগ তৃতীয় মেয়াদে অনুমোদন করেছে বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ (আইডিআরএ)।
আজ মঙ্গলবার (১৭ জুন) আইডিআরএ’র পরিচালক (উপসচিব) মো. নুরুজ্জামান স্বাক্ষরিত এক চিঠিতে নিয়োগ অনুমোদনের বিষয়টি জানানো হয়।
আগামী তিন বছরের জন্য তিনি পুনরায় এই দায়িত্ব পালন করবেন।
এসএম নুরুজ্জামান এর আগে দুই মেয়াদে সিইও হিসেবে দায়িত্ব পালন করেছেন। তিনি ২০১৩ সালের ১ নভেম্বর অ্যাসিস্টেন্ট ম্যানেজিং ডিরেক্টর (এএমডি) হিসেবে জেনিথ ইসলামী লাইফে যোগ দেন। এরপর তিনি ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর (ডিএমডি) এবং অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক হিসেবে পদোন্নতি পান। অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক থাকাকালে তিনি সিইও’র চলতি দায়িত্ব পান।
এসএম নুরুজ্জামান বীমা ক্যারিয়ার শুরু করেন মেঘনা লাইফ ইন্স্যুরেন্সে। পরে তিনি ফারইস্ট ইসলামী লাইফ ইন্স্যুরেন্সে এক যুগেরও বেশি সময় গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব পালন করেন এবং এক পর্যায়ে ব্যবস্থাপনা পরিচালকের চলতি দায়িত্বও পালন করেন। এরপর তিনি বায়রা লাইফ ইন্স্যুরেন্সে ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর (উন্নয়ন প্রশাসন) পদে কর্মরত ছিলেন।
তিনি পেশাগত দায়িত্ব পালনের প্রয়োজনে ভারত, নেপাল, সিংগাপুর, মালদ্বীপ, মালেয়শিয়া, সৌদি-আরব ও সংযুক্ত আরব-আমিরাতসহ বিভিন্ন দেশে আন্তর্জাতিক প্রশিক্ষণে অংশ নিয়েছেন।
১৯৭৯ সালে কুমিল্লা জেলার মুরাদনগর উপজেলার চন্দনাইল গ্রামে এক সম্ভ্রান্ত মুসলিম পরিবারে জন্ম গ্রহণ করেন এসএম নুরুজ্জামান। বাবা মো. আবদুল কুদ্দুস ব্রাহ্মণবাড়িয়া জেলার নবীনগর থানার শাহপুর উচ্চবিদ্যালয়ের সহকারী শিক্ষক ছিলেন। মা জামিনা বেগম গৃহিনী। ব্যক্তিগত জীবনে এক মেয়ে ও এক ছেলের বাবা এস এম নুরুজ্জামান।

মোঃ আনজার শাহ 



















