সংগৃহীত ছবি
রাজধানীর দক্ষিণ কেরানীগঞ্জে রূপালী ব্যাংকের জিঞ্জিরা শাখায় প্রবেশ করা ৩ ডাকাত আত্মসমর্পণ করেছে। পুলিশ, র্যাব ও সেনাবাহিনীর প্রায় সাড়ে তিন ঘণ্টার অভিযানে ডাকাত দল আত্মসমর্পণ করে। এসময় তাদের কাছে থেকে দেশিয় অস্ত্র উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছে যৌথবাহিনী। ফলে রূপালী ব্যাংকের জিনজিরা শাখায় জিম্মি সবাই মুক্ত হয়েছেন।
আজ বৃহস্পতিবার (১৯ ডিসেম্বর) রাতে এ তথ্য নিশ্চিত করেছেন কেরানীগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সোহরাব আল হাসান। তিনি বলেন সাড়ে পাঁচটার দিকে ডাকাত দলেন ৩জন আত্মসমর্পণ করে। আত্মসমর্পণের পর সকল ডাকাতকে গাড়িতে করে নিয়ে গেছে যৌথ বাহিনী। তবে, এ ঘটনায় কোনো হতাহত হয়নি।
তিনি বলেন, গ্রেফতারকৃত ব্যক্তিদের কাছ থেকে চারটি খেলনা পিস্তল ও দুটি চাকু উদ্ধার করা হয়েছে। জিজ্ঞাসাবাদে তিন ডাকাত তাদের নাম সাফায়েত, নীরব ও সিফাত বলেছে। নামগুলো সঠিক কি না যাচাই-বাছাই করা হচ্ছে।
তিনি আরও বলেন, এদের মধ্যে দুজনের বয়স ১৪ এবং একজনের বয়স ১৮ বছর বলে ধারণা করছি আমরা।
আইনশৃঙ্খলাবাহিনী জানান, দুপুর ২টার দিকে ডাকাতরা ব্যাংকে ঢোকে। এ সময় পাশের মসজিদের মাইক থেকে ডাকাতির খবর জানানো হলে স্থানীয় কয়েকশ লোক ব্যাংকের ওই শাখা ঘিরে ফেলে ও বাইরে থেকে তালা ঝুলিয়ে দেন। এসময় ব্যাংকের কর্মকর্তা কর্মচারী ও গ্রাহকসহ অন্তত ১৫ জন জিম্মি ছিলেন।
এরপর পুলিশ, র্যাব সেনাবাহিনীসহ যৌথবাহিনীর সদস্যরা ব্যাংকের ওই শাখাটিতে অভিযান পরিচালনা করেন। এসময় ডাকাত দলের সদস্যদের সঙ্গে পুলিশ বার বার সমঝোতার চেষ্টা করলেও কোনো ভাবেই রাজি হচ্ছিলো না ডাকাত দল। পরে আইন শৃঙ্খলাবাহিনীর সাড়ে তিন ঘন্টার অভিযানের পর ডাকাত দল আত্বসমর্পস করতে বাধ্য হয়। জিম্মিদের কেউ হতাহত হয়নি।
এর আগে ঢাকা রেঞ্জের ডিআইজি এ কে এম আওলাদ হোসেন গণমাধ্যমকে বলেন, ডাকাত দলের সদস্যরা দুটি দাবি করেছে, প্রথমটি হচ্ছে লুটকৃত ১৫ লক্ষ টাকা তারা নিতে চায়, দ্বিতীয়ত তাদেরকে নিরাপদ স্থানে ছেড়ে দিতে হবে।

সংবাদ360 প্রতিবেদকঃ 



















