শরতের আকাশে ভেসে বেড়ানো সাদা মেঘের ভেলা আর মৃদু বাতাসে দুলতে থাকা সারি সারি কাশফুল। দূর থেকে দেখলে মনে হয়, সবুজ প্রকৃতির বুকে কেউ যেন বিছিয়ে দিয়েছে শুভ্রতার এক বিশাল চাদর। প্রকৃতির এমন চোখজুড়ানো রূপ উপভোগ করতে ভোলার শিবপুরের ‘গরিবের দুবাই’ নামক পর্যটন স্পট এলাকায় প্রতিদিন ভিড় করছেন দর্শনার্থীরা।
শরতের স্নিগ্ধ সৌন্দর্যে মুগ্ধ হয়ে জেলার বিভিন্ন প্রান্ত থেকে পরিবার-পরিজন ও বন্ধুদের নিয়ে ছুটে আসছেন মানুষ। কেউ কাশফুলের বনে ঘুরে বেড়াচ্ছেন, কেউ তুলছেন ছবি, আবার কেউ নদীর পাড়ে বসে উপভোগ করছেন নির্মল প্রকৃতি। সকাল থেকে বিকেল পর্যন্ত দর্শনার্থীদের পদচারণায় মুখর হয়ে উঠছে পুরো এলাকা।
স্থানীয়রা জানান, বর্ষা শেষে নদীতীরবর্তী বিস্তীর্ণ চরাঞ্চলে ফুটতে শুরু করেছে কাশফুল। কয়েক সপ্তাহ ধরে সাদা কাশফুলে ছেয়ে গেছে নদীর পাড় ও আশপাশের এলাকা। শরতের নীল আকাশ, সাদা মেঘ, নদীর ঢেউ আর কাশফুল—সব মিলিয়ে শিবপুরের ‘গরিবের দুবাই’ এখন প্রকৃতিপ্রেমীদের কাছে আকর্ষণীয় এক গন্তব্যে পরিণত হয়েছে।
ভোলা সদর থেকে ঘুরতে আসা লিমন আহম্মেদ (২৭) বলেন, “কাশফুলের এমন সুন্দর দৃশ্য আগে কাছ থেকে দেখা হয়নি। চারদিকে সাদা কাশফুল আর পাশে নদী—দৃশ্যটা সত্যিই অসাধারণ। পরিবার ও বন্ধুদের নিয়ে এখানে এসে খুব ভালো লাগছে।” জেলার অন্য একটি উপজেলা থেকে পরিবার নিয়ে ঘুরতে আসা মনিরুজ্জামান মিয়া (৪০) বলেন, “সামাজিক যোগাযোগমাধ্যমে এখানকার কাশফুলের ছবি দেখে পরিবার নিয়ে দেখতে এসেছি। বাস্তবে জায়গাটি আরও সুন্দর। শিশুদেরও খুব ভালো লাগছে। শহরের ব্যস্ততা থেকে কিছু সময়ের জন্য এমন প্রকৃতির কাছে আসা সত্যিই আনন্দের।”
স্থানীয় বাসিন্দারা বলেন, প্রতি বছর শরৎ মৌসুমে এখানে কাশফুল ফুটলেও এবার দর্শনার্থীদের উপস্থিতি তুলনামূলক বেশি। দূর-দূরান্ত থেকে মানুষ আসায় স্থানীয়দের মধ্যেও উৎসাহ তৈরি হয়েছে। অনেকেই দর্শনার্থীদের কাছে চা, পানি, হালকা খাবারসহ বিভিন্ন সামগ্রী বিক্রি করছেন।
প্রকৃতিপ্রেমীদের মতে, পরিকল্পিতভাবে ‘গরিবের দুবাই’ এলাকার প্রাকৃতিক সৌন্দর্য ও পরিবেশ সংরক্ষণ করা গেলে এটি ভবিষ্যতে ভোলার অন্যতম সম্ভাবনাময় পর্যটনকেন্দ্র হয়ে উঠতে পারে। তবে দর্শনার্থীদের অসচেতনতার কারণে কাশফুল নষ্ট না করা এবং যেখানে-সেখানে ময়লা-আবর্জনা না ফেলার আহ্বান জানিয়েছেন স্থানীয়রা।
তাঁদের মতে, প্রকৃতির সৌন্দর্য উপভোগের পাশাপাশি এর সুরক্ষায় সবাইকে সচেতন হতে হবে। শরতের সাদা কাশফুল, নীল আকাশ আর নদীর নির্মল সৌন্দর্য—সব মিলিয়ে ভোলার শিবপুরের ‘গরিবের দুবাই’ যেন প্রকৃতির এক অপূর্ব ক্যানভাস। আর সেই সৌন্দর্যের টানেই প্রতিদিন এখানে ছুটে আসছেন প্রকৃতিপ্রেমী মানুষ।

সাব্বির আলম বাবুঃ 


















