বরিশাল জেলা তথ্য অফিসের আয়োজনে বুধবার (১৩ মে) বেলা ১১টায় জেলা তথ্য অফিসের সম্মেলন কক্ষে বর্তমান সরকারের নির্বাচনি ইশতেহার বাস্তবায়নের জন্য অগ্রাধিকার ভিত্তিতে গৃহীত কর্মসূচি ফ্যামিলি কার্ড, কৃষক কার্ড, কৃষিঋণ মওকুফ, বৃক্ষরোপণ ও খাল খনন বিষয়ে ব্যাপক প্রচারের লক্ষে বরিশালে কর্মরত সাংবাদিকদের সাথে একটি প্রেস ব্রিফিং আয়োজন করা হয়।
বরিশাল আঞ্চলিক তথ্য অফিসের সিনিয়র তথ্য অফিসার মোঃ আহসান কবীরের সঞ্চালনায় সহকারী তথ্য অফিসার মৃদুল চৌধুরী কনক প্রেস ব্রিফিংয়ে সাংবাদিকদের সাথে সরকারের নির্বাচনি ইশতেহার বাস্তবায়নের জন্য অগ্রাধিকার ভিত্তিতে গৃহীত বিভিন্ন কর্মসূচির অগ্রগতি ও নির্মাণাধীন আধুনিক তথ্য কমপ্লেক্সের নির্মাণ অগ্রগতি তুলে ধরেন।
অনুষ্ঠানে দৈনিক বিপ্লবী বাংলাদেশ পত্রিকার প্রকাশক ও সম্পাদক বীর মুক্তিযোদ্ধা নূরুল আলম ফরিদ বলেন, সাংবাদিকদের দায়িত্ব হলো সরকারের গৃহীত বিভিন্ন কর্মসূচি মাঠ পর্যায়ে সচ্ছতার সাথে বাস্তবায়ন হচ্ছে কিনা তা সরেজমিনে গিয়ে পর্যবেক্ষণ করা ও সে বিষয়ে বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশন করা। দুর্নীতিমুক্ত বাংলাদেশ গড়তে সংবাদ পরিবেশনের ক্ষেত্রে সাংবাদিকরা যেন স্বজনপ্রীতি না দেখায় সে বিষয়ে তিনি উপস্থিত সাংবাদিকদের আহ্বান জানান।
অনুষ্ঠানে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর বরিশালের অতিরিক্ত উপপরিচালক মোঃ শহিদুল ইসলাম সাংবাদিকদের কৃষক কার্ড সম্পর্কিত বিভিন্ন প্রশ্নের উত্তর দেন। এছাড়াও অনুষ্টানে দৈনিক আজকের বার্তা পত্রিকার সম্পাদক ও প্রকাশক কাজী মেহেরুন্নেছা বেগম, বরিশাল প্রেস ক্লাবের যুগ্ম সাধারণ সম্পাদক ও বাসসের জেলা প্রতিনিধি এম. মোফাজ্জ্লে, সাংবাদিক ইউনিয়নের সভাপতি আযাদ আলাউদ্দিন, সাংবাদিক ইউনিয়নের সাধারণ সম্পাদক মো: হাফিজুর রহমান হিরা, রিপোটার্স ইউনিটির সাধারণ সম্পাদক খালিদ সাইফুল্লাহসহ বরিশাল জেলার বিভিন্ন গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।

আমির হোসেন, ঝালকাঠিঃ 



















