গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের প্রধানমন্ত্রী আগামী শনিবার (১৬ মে ২০২৬) চাঁদপুর জেলা সফর করবেন। প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে জারি করা সরকারি সফরসূচি অনুযায়ী, এটি একটি পূর্ণাঙ্গ সরকারি সফর।
সফরসূচির বিস্তারিত,
সকাল ৮টা ৩০ মিনিটে নিজ বাসভবন থেকে সড়কপথে চাঁদপুরের উদ্দেশে রওনা দেবেন প্রধানমন্ত্রী। পথিমধ্যে বেলা ১১টা ৩০ মিনিটে কুমিল্লা জেলার বরুড়া উপজেলার লক্ষ্মীপুর বাজার মাঠে আয়োজিত পথসভায় যোগ দেবেন তিনি।
দুপুর ১২টা ৩০ মিনিটে চাঁদপুর জেলার শাহরাস্তি উপজেলার টামটা দক্ষিণ ইউনিয়নের ওয়ারুক বাজারস্থ খোদ খালের পুনঃখনন কাজের আনুষ্ঠানিক উদ্বোধন করবেন। এরপর দুপুর ১টা ৪৫ মিনিটে চাঁদপুর সদর উপজেলার শাহমাহমুদপুর ইউনিয়নের কুমারডুগী গ্রামের ঘোষের হাট সংলগ্ন বিশ্ব খালের পুনঃখনন অনুষ্ঠানে উপস্থিত হয়ে খনন কাজের শুভ উদ্বোধন করবেন।
বেলা ২টা ৩০ মিনিটে চাঁদপুর সার্কিট হাউসে বিরতির পর বেলা ৩টা ৩০ মিনিটে চাঁদপুর সরকারি কলেজ মাঠে আয়োজিত ফ্যামিলি কার্ড বিতরণ অনুষ্ঠানে যোগ দেবেন। সন্ধ্যা ৬টায় চাঁদপুর ক্লাবে জেলা বিএনপির সাংগঠনিক সভায় অংশগ্রহণ করবেন তিনি।
সন্ধ্যা ৬টা ৩০ মিনিটে ঢাকার উদ্দেশে রওনা দিয়ে রাত ৯টা ৩০ মিনিটে ঢাকায় পৌঁছানোর কথা রয়েছে।
গুরুত্ব ও প্রেক্ষাপট,
সফরকালে দুটি গুরুত্বপূর্ণ খাল পুনঃখননের উদ্বোধন বিশেষ তাৎপর্য বহন করছে। জলাবদ্ধতা নিরসন ও কৃষি সেচ ব্যবস্থার উন্নয়নে এই খাল খনন প্রকল্প স্থানীয় জনজীবনে ইতিবাচক প্রভাব ফেলবে বলে সংশ্লিষ্টরা আশা করছেন। পাশাপাশি ফ্যামিলি কার্ড বিতরণ অনুষ্ঠানের মাধ্যমে সুবিধাবঞ্চিত পরিবারগুলো সরকারি সেবার আওতায় আসবে।
প্রধানমন্ত্রীর ব্যক্তিগত কর্মকর্তা ও কর্মচারীরা এই সফরে সঙ্গী থাকবেন। সফর উপলক্ষে বিভাগীয় কমিশনার (চট্টগ্রাম) এবং কুমিল্লা ও চাঁদপুরের জেলা প্রশাসকদের প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের নির্দেশ দেওয়া হয়েছে।

মোঃ আনজার শাহ্ 



















