রাজনীতিতে নতুন সমীকরণের ইঙ্গিত দিয়ে জাতীয় ছাত্রশক্তির কেন্দ্রীয় সাধারণ সম্পাদক আবু বাকের মজুমদার ন্যাশনাল সিটিজেন পার্টি (এনসিপি) এর প্রতিষ্ঠাতা আহ্বায়ক ও নতুন সরকারের বিরোধীদলীয় চিপ হুইপ নাহিদ ইসলাম এমপি কে ফুল দিয়ে সংবর্ধনা জানিয়েছেন।
রাজধানীতে আয়োজিত এক গুরুত্বপূর্ণ অনুষ্ঠানে দুই তরুণ নেতার এই সাক্ষাৎ রাজনৈতিক মহলে ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে।
সূত্র জানায়, সাক্ষাতকালে দেশের বর্তমান রাজনৈতিক পরিস্থিতি, তরুণ প্রজন্মের ক্ষমতায়ন, গণতন্ত্র রক্ষা এবং ছাত্র-যুব সমাজের অধিকার প্রতিষ্ঠার বিষয়ে গভীর আলোচনা হয়। আবু বাকের মজুমদার এ সময় নাহিদ ইসলামের দেশপ্রেম, সাহসিকতা এবং রাজনৈতিক দূরদর্শিতার ভূয়সী প্রশংসা করেন।
আবু বাকের মজুমদার বলেন, “নাহিদ ইসলাম আজকের তরুণ প্রজন্মের কাছে একজন অনুপ্রেরণার নাম। তিনি যেভাবে সৎ ও সুশাসনভিত্তিক রাজনীতির নতুন ধারা সৃষ্টি করছেন, তা দেশের জন্য অত্যন্ত আশাব্যঞ্জক। আমরা বিশ্বাস করি, তরুণদের হাতেই দেশের ভবিষ্যৎ নিরাপদ।”
প্রত্যুত্তরে নাহিদ ইসলাম বলেন, “জাতীয় ছাত্রশক্তি দীর্ঘদিন ধরে ছাত্রদের ন্যায্য অধিকার আদায়ে আপসহীন সংগ্রাম করে আসছে। আবু বাকের মজুমদারের মতো প্রতিশ্রুতিবদ্ধ নেতৃত্বে সংগঠনটি আরও শক্তিশালী হবে। আমাদের লক্ষ্য একটি দুর্নীতিমুক্ত, গণতান্ত্রিক ও সমৃদ্ধ বাংলাদেশ গড়া।”
রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন, ছাত্রশক্তি এবং এনসিপির মধ্যে এই সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক দেশের রাজনীতিতে তরুণ শক্তির নতুন সমন্বয়ের ইঙ্গিত দিচ্ছে। বিশেষত তরুণ প্রজন্মের রাজনৈতিক চেতনা জাগ্রত করতে এবং দেশে সুশাসন প্রতিষ্ঠায় এই ধরনের উদ্যোগ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।
উল্লেখ্য, ন্যাশনাল সিটিজেন পার্টি সম্প্রতি দেশের রাজনৈতিক অঙ্গনে বিকল্প শক্তি হিসেবে আবির্ভূত হয়েছে। দলটি তরুণদের রাজনীতিতে সম্পৃক্ত করা এবং স্বচ্ছ জবাবদিহিতামূলক রাজনীতি চর্চার প্রতি অঙ্গীকারবদ্ধ। অন্যদিকে জাতীয় ছাত্রশক্তি দীর্ঘদিনের প্রতিষ্ঠিত ছাত্র সংগঠন হিসেবে ছাত্র আন্দোলনে নেতৃত্ব দিয়ে আসছে।

মোঃ আনজার শাহ, স্টাফ রিপোর্টারঃ 



















