নতুন আইজিপি বাহারুল ও ডিএমপি কমিশনার সাজ্জাদ |ফাইল ছবি
বুধবার (২০ নভেম্বর) বিকেলে স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে পৃথক দুটি প্রজ্ঞাপনে বাহারুল আলমকে পুলিশ মহাপরিদর্শক ও শেখ সাজ্জাত আলীকে ডিএমপির কমিশনার হিসেবে নিয়োগের কথা জানানো হয়।
মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের পুলিশ-১ শাখার উপসচিব মো. মাহাবুর রহমান শেখের সই করা প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়।
প্রজ্ঞাপনে বলা হয়, সরকারি চাকরি আইন, ২০১৮ এর ৪৯ ধারা অনুযায়ী বাংলাদেশ পুলিশের অবসরপ্রাপ্ত উপপুলিশ মহাপরিদর্শক (ডিআইজি) বাহারুল আলম (বিপি-৬০৮৬০০০৭৮৬)-কে অন্য যেকোনো পেশা, ব্যবসা কিংবা সরকারি, আধা- সরকারি, বেসরকারি প্রতিষ্ঠান/সংগঠন-এর সাথে কর্ম-সম্পর্ক পরিত্যাগের শর্তে যোগদানের তারিখ থেকে দুই বছর মেয়াদে বাংলাদেশ পুলিশের পুলিশ মহাপরিদর্শক পদে চুক্তিভিত্তিক নিয়োগ প্রদান করা হলো।
আরেক প্রজ্ঞাপনে বলা হয়, সরকারি চাকরি আইন, ২০১৮ এর ৪৯ ধারা অনুযায়ী সাবেক অতিরিক্ত পুলিশ মহাপরিদর্শক (চলতি দায়িত্ব) শেখ মো. সাজ্জাত আলী (বিপি-৬১৮৬০০০৭৮৪)-কে অন্য যেকোনো পেশা, ব্যবসা কিংবা সরকারি, আধা- সরকারি, বেসরকারি প্রতিষ্ঠান/সংগঠন-এর সাথে কর্ম-সম্পর্ক পরিত্যাগের শর্তে যোগদানের তারিখ থেকে দুই বছর মেয়াদে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)-এর পুলিশ কমিশনার পদে চুক্তিভিত্তিক নিয়োগ প্রদান করা হলো।
একই প্রজ্ঞাপনে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) নতুন কমিশনার হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে শেখ সাজ্জাদ আলীকে। সেইসঙ্গে এই দায়িত্বে থাকা মো. মাইনুল হাসানকে পুলিশ সদর দফতরে সংযুক্ত করা হয়েছে।
এর আগে ৬ আগস্ট রাতে মো. ময়নুল ইসলামকে পুলিশের নতুন মহাপরিদর্শক (আইজিপি) হিসেবে নিয়োগ দিয়ে প্রজ্ঞাপন জারি করে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগ।

সংবাদ360 প্রতিবেদকঃ 



















