কক্সবাজারের টেকনাফে নাফ নদী থেকে ২টি ইঞ্জিনচালিত মাছ ধরার নৌকাসহ ৪ বাংলাদেশি জেলেকে অস্ত্রের মুখে অপহরণ করে নিয়ে গেছে মিয়ানমারের সশস্ত্র বিদ্রোহী গোষ্ঠী আরাকান আর্মির সদস্যরা।
সোমবার (১৮ মে) দুপুরে টেকনাফ সদর ইউনিয়নের নাজিরপাড়া সংলগ্ন নাফ নদী এলাকায় এ ঘটনা ঘটে।
নৌকার মালিক আবছার ও নুরুল হাকিম জানান, সকাল ছয়টার দিকে দুইটি মাছ ধরার নৌকা নিয়ে চার জেলে নাফ নদীতে মাছ ধরতে যান। বেলা ১২টার দিকে মাছ ধরার সময় স্পিডবোটযোগে এসে আরাকান আর্মির সশস্ত্র সদস্যরা অস্ত্রের মুখে জেলেদের জিম্মি করে। পরে ২টি নৌকাসহ তাদের মিয়ানমারের কাইচ্যং খালের দিকে নিয়ে যাওয়া হয়।
স্থানীয়দের দাবি, বাংলাদেশের জলসীমা থেকে জেলেদের ধরে নিয়ে যাওয়া হয়েছে।
অপহৃতরা হলেন— টেকনাফ পৌরসভার ৯ নম্বর ওয়ার্ডের দক্ষিণ জালিয়াপাড়া এলাকার আবু তাহেরের ছেলে মো. মনির আহমেদ (৪৫), জাহাঙ্গীর আলমের ছেলে মো. ইয়াছিন (১৮), মৃত আব্দুর নবীর ছেলে আব্দুল মালেক প্রকাশ শফা (৫০) ও জাফর আলমের ছেলে মো. জামাল হোসেন (৪০)।
টেকনাফ পৌরসভার সাবেক কাউন্সিলর মনিরুজ্জামান বলেন, “আমার এলাকার চারজন জেলেকে ধরে নিয়ে যাওয়ার খবর পেয়েছি।”
স্থানীয় জেলে সুলাইমান, নুরুল বশর ও নেজাম জানান, সীমান্তবর্তী নাফ নদীতে মাছ ধরার সময় হঠাৎ স্পিডবোটযোগে এসে আরাকান আর্মির সদস্যরা জেলেদের জিম্মি করে নিয়ে যায়। এ ঘটনায় সীমান্ত এলাকার জেলেদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়েছে।
এ বিষয়ে টেকনাফ ব্যাটালিয়ন (২ বিজিবি)-এর অধিনায়ক লেঃ কর্নেল মোঃ হানিফুর রহমান ভূঁইয়া বলেন, “আমরা খবরটি জেনেছি এবং প্রয়োজনীয় ব্যবস্থা নিচ্ছি।”

ফরহাদ রহমান, টেকনাফ প্রতিনিধিঃ 



















