বাগেরহাট-২ আসনের স্বতন্ত্র প্রার্থী এমএএইচ সেলিম সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের পরিবেশ নিশ্চিত করার দাবি জানিয়েছেন। বুধবার (১১ ফেব্রুয়ারি) রাতে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি অভিযোগ করেন, প্রতীক বরাদ্দের পর থেকেই তার সমর্থক ও নির্বাচনি এজেন্টদের ভয়ভীতি ও নানা ধরনের হয়রানির মুখে পড়তে হচ্ছে।
ঘোড়া প্রতীক নিয়ে নির্বাচনে অংশ নেওয়া সাবেক এই সংসদ সদস্য বলেন, ২০০১ থেকে ২০০৬ সাল পর্যন্ত দায়িত্ব পালনকালে তিনি এলাকায় ব্যাপক উন্নয়ন কাজ করেছেন এবং সাধারণ মানুষের ভালোবাসা ও সমর্থন নিয়েই এবার নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন। তবে বর্তমান পরিস্থিতি নিয়ে তিনি গভীর উদ্বেগ প্রকাশ করেন।
সেলিম অভিযোগ করেন, তার এজেন্টদের বাড়িতে গিয়ে হুমকি দেওয়া হচ্ছে এবং অনেককে নির্বাচনি দায়িত্ব পালন না করার জন্য চাপ প্রয়োগ করা হচ্ছে। পাশাপাশি তার সমর্থক ও সাধারণ ভোটারদের ভোটকেন্দ্রে না যাওয়ার জন্য ভয়ভীতি প্রদর্শন করা হচ্ছে বলেও তিনি দাবি করেন। কিছু ক্ষেত্রে অর্থের প্রলোভন দেখানোর অভিযোগও তোলেন তিনি।
তিনি আরও বলেন, প্রচার-প্রচারণা বন্ধ থাকলেও আচরণবিধি লঙ্ঘন করে প্রতিদ্বন্দ্বী প্রার্থীর পক্ষ থেকে প্রচার চালানো হচ্ছে, যা নির্বাচনের সমতল মাঠ নষ্ট করছে। সংখ্যালঘু সম্প্রদায়ের ভোটারদের নিরাপত্তা নিশ্চিত করা এবং ঝুঁকিপূর্ণ কেন্দ্রগুলোতে আইনশৃঙ্খলা বাহিনীর কড়া নজরদারি জোরদারের দাবি জানান তিনি।
সামাজিক যোগাযোগ মাধ্যমে তাকে নিয়ে ছড়ানো নির্বাচন বর্জনের গুজবও নাকচ করেন সেলিম। প্রশাসন নিরপেক্ষ ভূমিকা পালন করলে নিজের বিজয়ের ব্যাপারে তিনি আশাবাদ ব্যক্ত করেন।

বাগেরহাট প্রতিনিধিঃ 



















