সংগৃহীত ছবি
সাবেক গৃহায়ণ ও গণপূর্ত প্রতিমন্ত্রী অ্যাডভোকেট আব্দুল মান্নান খান মারা গেছেন। মঙ্গলবার (১০ ফেব্রুয়ারি) সন্ধ্যায় রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭৩ বছর। দীর্ঘদিন ধরে তিনি বার্ধক্যজনিত বিভিন্ন জটিলতায় ভুগছিলেন বলে পারিবারিক সূত্রে জানানো হয়েছে। তার ছোট ছেলে হাসিব মাহমুদ খান অনিন্দ্য মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে বাবার রুহের মাগফেরাত কামনায় দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন।
পারিবারিক সূত্র জানায়, ব্রেন স্ট্রোক করার পর কিছুদিন আগে তাকে স্কয়ার হাসপাতালে ভর্তি করা হয়। শারীরিক অবস্থার অবনতি হলে তাকে আইসিইউতে এবং পরে লাইফ সাপোর্টে রাখা হয়েছিল।
চিকিৎসকদের ভাষ্য অনুযায়ী, মঙ্গলবার দুপুরে লাইফ সাপোর্টে থাকা অবস্থায় তার কার্ডিয়াক অ্যারেস্ট হয় এবং সন্ধ্যায় তিনি মারা যান।
আব্দুল মান্নান খান ছাত্রজীবন থেকেই রাজনীতির সঙ্গে যুক্ত ছিলেন। তিনি ছাত্র ইউনিয়নের কেন্দ্রীয় সভাপতি ছিলেন। পরে বাংলাদেশ আওয়ামী লীগের রাজনীতিতে যুক্ত হয়ে ৩বার দপ্তর সম্পাদক এবং দুই মেয়াদে সভাপতিমণ্ডলী ও উপদেষ্টামণ্ডলীর সদস্য হিসেবে দায়িত্ব পালন করেন।
তার মৃত্যুতে দোহার ও নবাবগঞ্জসহ রাজনৈতিক অঙ্গনে শোক প্রকাশ করা হয়েছে। মৃত্যুকালে তিনি স্ত্রী, দুই ছেলে ও অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।

ডেস্ক রিপোর্টঃ 



















