দৈনিক রুদ্র বাংলার সম্পাদক ও বিশিষ্ট মানবাধিকারকর্মী মোঃ মতিউর রহমান গুরুতর সড়ক দুর্ঘটনায় আহত হয়ে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। জীবন রক্ষার্থে চিকিৎসকরা তার বাম পা কেটে ফেলতে বাধ্য হয়েছেন।
গত ৩১ ডিসেম্বর ২০২৫ সকালে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার জানাজায় অংশ নিতে যাওয়ার পথে ঢাকার গুলিস্তান এলাকায় হলমার্ক ভবনের পাশে একটি দ্রুতগতির গাড়ির ধাক্কায় তিনি রাস্তায় ছিটকে পড়েন। দুর্ঘটনার সময় গাড়ির চাকা তার বাম পায়ের ওপর দিয়ে চলে যায়।
দুর্ঘটনার পর উপস্থিত মানুষজন তাকে উদ্ধার করে প্রথমে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল, পরে জাতীয় অর্থোপেডিক হাসপাতালে নেওয়া হয়। পরবর্তীতে উন্নত চিকিৎসার জন্য তাকে BIHS General Hospital-এ স্থানান্তর করা হয়, যেখানে তিনি বর্তমানে ওয়ার্ড নং ৩০৭, বেড নং ১-এ চিকিৎসাধীন রয়েছেন।
হাসপাতাল সূত্রে জানা যায়, দুর্ঘটনায় তার বাম পায়ের হাঁটু ও নিচের অংশ মারাত্মক ক্ষতিগ্রস্ত হয়। পাশাপাশি হৃদরোগজনিত জটিলতা দেখা দেওয়ায় ৪ জানুয়ারি সন্ধ্যা সাড়ে সাতটায় জীবন রক্ষার্থে তার বাম পা অপসারণ করতে হয়। তিনি এখন নিবিড় পর্যবেক্ষণে রয়েছেন।
আহত সাংবাদিকের ছোট ভাই রেজাউল করিম জানান, পরিবারটি প্রচণ্ড অর্থনৈতিক সংকটের মধ্যে তার চিকিৎসা চালিয়ে যাচ্ছে। তিনি দেশবাসী, সাংবাদিক সমাজ ও শুভানুধ্যায়ীদের কাছে মোঃ মতিউর রহমানের দ্রুত আরোগ্য ও আর্থিক সহযোগিতা কামনা করেছেন। সাংবাদিক সমাজ এ দুর্ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করেছে এবং তার আশু সুস্থতা কামনা করছে।
হাসপাতালের ঠিকানা: BIHS General Hospital, ১২৫/১, দারুস সালাম রোড, মিরপুর-১, ঢাকা-১২১৬ (মিরপুর টেকনিক্যাল মোড় সংলগ্ন)।

মোঃ আনজার শাহ, স্টাফ রিপোর্টারঃ 



















