বাগেরহাটের মোরেলগঞ্জে জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইনের শুভ উদ্বোধন করা হয়েছে। শনিবার (১৫ মার্চ) সকাল ৯টায় মোরেলগঞ্জ সরকারি আদর্শ প্রাথমিক বিদ্যালয়ে আনুষ্ঠানিকভাবে এই কর্মসূচির উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোঃ হাবিবুল্লাহ।

উদ্বোধনী অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মুজাহিদুল ইসলাম, স্থানীয় জনপ্রতিনিধি, স্বাস্থ্যকর্মী ও গণমাধ্যমকর্মীরা।
এক বিশেষ মুহূর্তে, ইউএনও মোঃ হাবিবুল্লাহ তার নিজের ১৫ মাস বয়সী কন্যা রাফিয়া ইসলামকে এবং উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মুজাহিদুল ইসলাম তার ছেলে সন্তানকে ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানোর মাধ্যমে ক্যাম্পেইনের সূচনা করেন।

উপজেলা স্বাস্থ্য বিভাগ সূত্রে জানা গেছে, এই ক্যাম্পেইনের আওতায় ৬ থেকে ১১ মাস বয়সী শিশুদের নীল রঙের এবং ১২ থেকে ৫৯ মাস বয়সী শিশুদের লাল রঙের ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানো হবে।
সুষ্ঠুভাবে ক্যাম্পেইন বাস্তবায়নের লক্ষ্যে উপজেলার ৩৮৫টি কেন্দ্রে প্রায় ৩৪ হাজার শিশুকে ক্যাপসুল খাওয়ানোর লক্ষ্য নির্ধারণ করা হয়েছে। বিভিন্ন ওয়ার্ড, ইউনিয়ন স্বাস্থ্যকেন্দ্র এবং কমিউনিটি ক্লিনিকগুলোতে স্বেচ্ছাসেবকদের মাধ্যমে এই কার্যক্রম পরিচালিত হচ্ছে।
স্বাস্থ্য কর্মকর্তারা জানিয়েছেন, ভিটামিন ‘এ’ শিশুর রাতকানা রোগ প্রতিরোধে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে এবং রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায়।

এসময় ইউএনও মোঃ হাবিবুল্লাহ বলেন, “মোরেলগঞ্জসহ সারা দেশে একযোগে এই কর্মসূচি পালিত হচ্ছে, যা শিশুদের পুষ্টি উন্নয়নে বিশেষ অবদান রাখবে বলে আশা করছি।”

মো. নাজমুল, মোরেলগঞ্জ (বাগেরহাট) প্রতিনিধিঃ 



















